
নিউজ ডেক্স : ঈদের কেনাকাটা করে দিবে বলে ডেকে নিয়ে নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে প্রিয়া আক্তার (২৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী আল-আমিন (৩৫)। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
রবিবার বিকেল ৩টার দিকে প্রিয়াকে নোয়াখালী প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত প্রিয়া উপজেলার নোয়াখলা ইউনিয়নের সাতরাপাড়া গ্রামের নোয়া মিয়ার মেয়ে ও সাহপুর ইউনিয়নের সোমপাড়া গ্রামের আল-আমিনের স্ত্রী।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে প্রিয়ার বড় বোন পাখি আক্তারের সাথে সোমপাড়া গ্রামের মৃত কালাম মিয়ার ছেলে আল-আমিনের বিয়ে হয়। ছয় বছর আগে একটি ছেলে সন্তান রেখে মারা যায় পাখি। এরপর পরিবারের লোকজন বাচ্চাটি লালন পালনের কথা চিন্তা করে ২বছর আগে পাখির ছোট বোন প্রিয়াকে আল-আমিনের সাথে বিয়ে দেয়। এরপর থেকে আল আমিন বিভিন্ন সময় নেশাগ্রস্ত হয়ে প্রিয়াকে মারধর করত। এসব ঘটনার জেরে রমজানের আগে প্রিয়া তার বাবার বাড়ি চলে যায়।
শনিবার সকালে প্রিয়াকে ঈদের কেনাকাটা না করে দেওয়ায় মোবাইলে আল আমিন ও প্রিয়ার মধ্যে বাকবিত- হয়। পরে রবিবার সকালে ঈদের কেনাকাটা করে দিবে বলে প্রিয়াকে চাটখিল বাজারে যেতে বলে আল আমিন। বেলা ১১টার দিকে চাটখিলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় প্রিয়া। কয়েকটি বাড়ি পার হওয়ার পর আল আমিন অর্তকিত ভাবে প্রিয়ার ওপর হামলা করে প্রথমে প্রিয়ার পেটে ছুরি দিয়ে আঘাত করে ও পরে গলাকেটে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে আশংকাজনক অবস্থায় পরিবারের লোকজন প্রিয়াকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে বিকেল ৩টার দিকে জেলা শহরের নোয়াখালী প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner