
নিউজ ডেক্স : সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি। গতকাল শনিবার প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলীয় একাধিক বিশ্বস্ত সূত্র।
জানা যায়, নির্বাচন কমিশন গত মঙ্গলবার সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা করেন। ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ১৪ অক্টোবর সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আগামী ১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন, ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই ও ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

নাম প্রকাশ না করার শর্তে দলীয় একাধিক নেতা জানান, গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বনফুল গ্রুপের চেয়ারম্যান এম এম মোতালেব সিআইপিকে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় এবং আজ রবিবার তাকে দলীয় মনোনয়নের বিষয়ে চিঠি দেয়া হবে।
এদিকে, সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শেখ ফরিদ জানান, এবারে সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সকল কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
Lohagaranews24 Your Trusted News Partner