
নিউজ ডেক্স : দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের সহযোগী হিসেবে জাতীয় পার্টি কাজ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এ জন্য সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে আমি ধন্যবাদ জানাই। আজ সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এসব কথা বলেন।
সংলাপের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে বঙ্গবন্ধু স্বল্পোন্নত দেশের মর্যাদা এনে দিয়ে গেছেন। আজ আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে সেই অবস্থা থেকে উত্তরণ ঘটে উন্নয়নশীল দেশের মর্যাদার কাতারে যাচ্ছে।

তিনি বলেন, রাজনীতিবিদদের দায়িত্ব দেশের উন্নয়ন করা এবং জনগণের কল্যাণে কাজ করা। পরপর দুই মেয়াদে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ মানুষের প্রতি সেই দায়িত্ব পালন করে যাচ্ছে।
এর আগে আগামী নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে সন্ধ্যা সোয়া ৭টায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের নেতাদের সংলাপ শুরু হয়।
Lohagaranews24 Your Trusted News Partner