
নিউজ ডেক্স : চলমান শৈত্য প্রবাহের বিস্তৃতি এবং মাত্রা দুটোই কমেছে। আরও কমার আভাস রয়েছে।তবে, শৈত্য প্রবাহ প্রশমিত হওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির প্রবণতা। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
এই অবস্থায় বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকবে।

এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তরপশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
অন্যদিকে নওগাঁ ও মৌলভীবাজার জেলাসহ এবং রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। এই সময় দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াম বাড়তে পারে এবং অন্যত্র তা সামান্য বাড়তে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। ঢাকায় পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কিলোমিটার। বৃহস্পতিবার নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হবে।
মঙ্গলবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায়, ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও ১৫ ডিগ্রি সেলসিয়াস।
Lohagaranews24 Your Trusted News Partner