
নিউজ ডেক্স : নড়াইলের লোহাগড়ায় নুপুর (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লোহাগড়া হাসপাতাল থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।
নুপুর উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামের হিরু বিশ্বাসের মেয়ে এবং আর. কে. কে জনতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

নুপুরের চাচা আব্দুল করিম জানান, গত ৬ দিন আগে নুপুর নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করে পাওয়া যায়নি। ২ জুন সন্ধ্যার পরে খবর পেয়ে লোহাগড়া হাসপাতালে এসে নুপুরের লাশ পেয়েছি।
তিনি অভিযোগ করে বলেন, ‘বাহ্মণডাংগা গ্রামের রবিউল ইসলাম রুবেল (২৫) ও নলদীর জালালসী গ্রামের আজাদ সরদার (৩৫) পরস্পর যোগসাজগে নুপুরকে বাড়ি থেকে অপহরণ করে লোহাগড়া বাজার সংলগ্ন পোদ্দারপাড়া গ্রামে মিনি নামে এক নারীর বাসায় আটকে রেখে হত্যা করেছে।’
এ বিষয়ে মিনি বেগম বলেন, ‘৪-৫ দিন আগে নুপুর আমার বাড়ি ভাড়া নিয়েছিল। রবিবার সন্ধ্যায় নুপুর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসি।’
লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের ডা. দেবাশীষ বিশ্বাস জানান, হাসাপাতালে আনার অনেক আগেই রোগীর মৃত্যু হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকাররম হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে এখন বিস্তারিত বলা যাচ্ছে না। পোস্টমর্টেম রিপোর্ট পেলে হত্যার কারণ জানা যাবে। এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Lohagaranews24 Your Trusted News Partner