
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ৭৯১ বোতল ফেনসিডিলসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি হাজী রাস্তার মাথা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের চকরিয়া থানাধীন কাকরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ লোটানী এলাকার মৃত আবু বক্করের পুত্র আনোয়ার হোসেন প্রকাশ কালু ড্রাইভার (৪০) ও একই থানার পূর্ব বড় বেওলা এলাকার মৃত কবির আহম্মেদের পুত্র আনসারুল ইসলাম (৩০)।
র্যাব- ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি হাজী রাস্তার মাথা এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করা হয়। এ সময় কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের পেছনের সিটের উপর ৩টি বস্তায় সুকৌশলে রাখা ৭৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদেরকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই যুযুৎসু যশ চাকমা জানান, ফেনসিডিলসহ র্যাবের হাতে গ্রেপ্তার দুই পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner