
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলার পদুয়া ইউনিয়নে তেওয়ারীহাট বাজারে তরকারি, মাছ ও মুরগীর বাজার পদুয়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) হতে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে বেচা-কেনা।
জানা যায়, এ বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে দোকান বসানো হয়েছে। সারাদেশের ন্যায় পদুয়া বাজারেও ওষুধের দোকান ছাড়া সবধরণের দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে মাছ, কাঁচা তরকারি ও মুরগীর বাজারে প্রতিদিন সকালে ক্রেতা-বিক্রেতাদের ভিড় বাড়ে। এ ভিড়ে কেনাকাটায় সামাজিক দূরত্ব বজায় রাখা দুঃস্কর। এ জন্য সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতেই উপজেলা প্রশাসন স্কুল মাঠে হাট বসিয়েছেন।
অস্থায়ী বাজারের ক্রেতা খাইরুল ইসলাম জানান, উপজেলা প্রশাসন সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে। কারণ সকালে এ বাজারে যে পরিমাণ মানুষের ভিড় হয় তাতে সামাজিক দূরত্ব বজায় থাকে না। এখানে সামাজিক দূরত্ব বজায় রেখে নিশ্চিন্তে বাজার করা যাচ্ছে।

পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহির উদ্দিন জানান, এ বাজার যেখানে ছিল সে স্থানে জায়গা কম হওয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখা যাচ্ছিল না। তাই সকল ক্রেতা-বিক্রেতাদের কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ জানান, ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তেওয়ারীহাট বাজার পার্শ্ববর্তী স্কুলের খেলার মাঠে সরিয়ে নেয়া হয়েছে। করোনার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অস্থায়ী বাজারে বেচাকেনা চলবে। কেউ নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পার্শ্ববর্তী খোলা মাঠে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত শনিবার উপজেলার কনফারেন্স হলে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজারের নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
Lohagaranews24 Your Trusted News Partner