
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদে নানার বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে মো. মোস্তাকিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়নের হাছির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু মোস্তাকিম লোহাগাড়া সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুখছড়ি উজির আলী পাড়ার প্রবাসী মোহাম্মদ হোসেলের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য মামুন উদ্দিন জানান, কয়েকদিন আগে মোস্তাকিম তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন সকলের অগোচরে শিশুটি খেলাচ্ছলে নানার বাড়ি সন্নিহিত এক ডোবায় পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন স্বজনরা। এক পর্যায়ে ডোবার পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একইদিন বিকেলে শিশুটির মরদেহ তার বাবার বাড়ির সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Lohagaranews24 Your Trusted News Partner