Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় শহীদ ইশমামের ভাইকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

লোহাগাড়ায় শহীদ ইশমামের ভাইকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় শহীদ ইশমামুল হকের বড় ভাই মুহিবুল হককে (২২) ছুরিকাঘাতে আহতের ঘটনায় অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের তৈয়বের পাড়া মাল পুকুরিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদের পাড়ার মো. শাহজাহানের পুত্র ও সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজ (২২) এবং উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের তৈয়বের পাড়ার নুর আহম্মদের পুত্র বাহার উদ্দিন (৩৮)।

জানা যায়, গত শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদর বটতলী স্টেশনস্থ আইস পার্কের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা মিনহাজের ছুরিকাঘাতে আহত হন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইশমামুল হকের বড় ভাই মুহিবুল হক। ঘটনার পর ছাত্রলীগ নেতা মিনহাজ ও মোহাম্মদ জিহাব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গোপন সূত্রে খবর পান তারা বড়হাতিয়া ইউনিয়নের মালপুকুরিয়া এলাকায় এক বসতঘরে অবস্থান করছে। স্থানীয় লোকজন বসতঘরটি ঘিরে ফেললে ছাত্রলীগ নেতা মিনহাজ পালিয়ে যাবার সময় কর্দমাক্ত এক পুকুরে পড়ে যায়। এ সময় উত্তেজিত জনতা তাকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। এতে চুনতি পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ কনস্টেবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ছাত্রলীগ নেতা মিনহাজকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া এই ঘটনায় ছাত্রলীগ নেতাকে সহায়তার অভিযোগে বাহার উদ্দিন নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হক জানান, উত্তেজিত জনতার হাত থেকে ছাত্রলীগ নেতাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিতে পুকুর থেকে টেনে তোলার সময় লাঠির আঘাতে হাতে আহত হয়েছেন। পরে হাসপাতালে চিকিৎসাসেবা নেয়া হয়েছে। এ সময় তিনি ছাড়াও অনেকে আহত হয়েছেন বলে জানান তিনি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, শহীদ ইশমামুল হকের বড় ভাইকে মুহিবুল হককে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত মিনহাজকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তাকে সহযোগিতার অভিযোগে বাহার উদ্দিন নামে আরেকজনকেও গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!