
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটায় মো. জাহেদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে অর্ধলাখ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। দন্ডপ্রাপ্ত জাহেদ হোসেন একই ওয়ার্ডের ঘাসিয়ার পাড়ার আলী আহমদের পুত্র।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক ব্যক্তিকে অর্ধলাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়া দন্ডপ্রাপ্ত ব্যক্তি ভবিষ্যতে এ ধরণের বিধিবহির্ভূত কাজ আর করবে না বলে অঙ্গীকারনামা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner