
পিতার কোলে নিহত শিশু হামদান
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় কক্সবাজারগামী প্রবাল এক্সেপ্রেসে বৈদ্যুতিক শর্ট সার্কিট আতংকে চলন্ত ট্রেন থেকে শিশুকে নিয়ে লাফ দিয়েছেন মা-বাবা। এতে হামদান নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গুরতর আহত হয়েছেন শিশুর মা-বাবা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে উপজেলার সদর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের রশিদের পাড়া এলাকায় এ ঘটনায় ঘটে।

আহতরা হলেন কক্সবাজার সদর থানার পিএমখালি ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের হাঙ্গর ঘোনা এলাকার সোলতান আহমদের পুত্র আবদুর রাজ্জাক (৩০) ও তার স্ত্রী লিজা আক্তার (২০)।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস নামে একটি ট্রেন থেকে হঠাৎ শিশুসহ এক দম্পতিকে লাফ দিতে দেখেন। পরে তাদেরকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু হামদানকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর নানা মো. মিজান জানান, গত ৩ এপ্রিল তার মেয়ে নাতি ও স্বামীকে নিয়ে কক্সবাজার থেকে বাঁশখালী উপজেলার গুনাগরি এলাকায় বেড়াতে আসেন। কয়েকদিন থেকে মেয়ে ও নাতিকে রেখে স্বামী পুণরায় কক্সবাজার চলে যান। ঘটনারদিন সকালে স্বামী তার স্ত্রী ও ছেলেকে নিয়ে যাবার জন্য শ্বশুর বাড়িতে আসেন। তারা বাঁশখালী থেকে গাড়িতে করে সাতকানিয়া রেলওয়ে স্টেশনে আসেন। সেখান থেকে প্রবাল এক্সপ্রেস ট্রেনে করে কক্সবাজার যাবার পথে এ ঘটনা ঘটে। তার মেয়ের স্বামী কক্সবাজারে একটি নুরানী মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি মোবাইল মেরামতের কাজ করেন।

আহত স্বামী আবদুর রাজ্জাক ও স্ত্রী লিজা আক্তার
লোহাগাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার দিদার হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামি প্রবাল এক্সেপ্রেসের ‘ড’ বগিতে সামান্য বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ধোঁয়া বের হয়। এতে বগির ভেতর থাকা যাত্রীদের মধ্যে আতংক সৃষ্টি হয়। পরে শর্ট সার্কিটের সমস্যাটি লোহাগাড়া স্টেশনে এসে সমাধান করা হয়েছে। তবে বৈদ্যুতিক সার্কিটের কারণে চলন্ত ট্রেন থেকে কেউ লাফ দেয়ার বিষয়টি তিনি অবগত নন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, রাত সাড়ে ৮টার দিকে এক শিশু ও তার মা-বাবাকে হাতপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, খবর পেয়ে হাসপাতালে ফোর্স পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner