
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ইজারাকৃত বালুমহালকে কেন্দ্র করে চাঁদা দাবি, ভাঙচুর, হামলা ও লুটপাটের অভিযোগে ৮ জনকে এজাহারভুক্ত আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) ইজারাদারের পক্ষে উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের জঙ্গল পদুয়া খলিফার বাড়ির মোহাম্মদ ইসহাকের পুত্র মো. সরওয়ার কামাল (৩৮) বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন।

আসামিরা হলেন স্থানীয় আকতার হোসেন (৪৫), মোহাম্মদ মাসুম (৩৩), মোহাম্মদ হারুনুর রশিদ (৫২), মোহাম্মদ শাহেদ (৩৮), নাজিম উদ্দিন প্রকাশ মনু (৫৮), সাদ্দাম হোসেন (৪০), মো. ইকবাল হোসেন (৩৫) ও মোহাম্মদ আয়ুব (৩৫)। এছাড়া মামলায় ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৭ মে জেলা প্রশাসনের নিলামের মাধ্যমে হাঙ্গর খাল বালুমহাল ইজারা পান মেসার্স জিয়া এন্টারপ্রাইজ। এরপর ইজারা গ্রহণকারী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি সরওয়ার কামাল বালু উত্তোলন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। পরবর্তীতে স্থানীয় কয়েকজন ব্যক্তি ও তাদের সহযোগীরা বালু উত্তোলন কাজে বাধা দিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্ন সময় হুমকি-ধমকি দিতে থাকেন। গত ১৮ মে দুপুরে আসামিরা সংঘবদ্ধভাবে হাঙ্গর খাল এলাকায় গিয়ে বালু উত্তোলন কাজে ব্যবহৃত মেশিন ও পাইপ ভাঙচুর করে প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে। পরে একই দিন বিকেলে আবারও হামলা চালিয়ে আরও প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার যন্ত্রপাতি নষ্ট করা হয়। একই দিন সন্ধ্যায় অভিযুক্তরা জঙ্গল পদুয়া শাহা পাড়ায় এক শেয়ারদারের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করেছে। এ সময় ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন।
এদিকে, গত ২ জুন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে ফিরে যাওয়ার পর উত্তর পদুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় পুণরায় হামলার ঘটনা ঘটে। এ সময় ইজারাদারের প্রতিনিধি সরওয়ার কামাল ও তার সহযোগী জিয়াবুল হোসেনের পথরোধ করে মারধর করা হয়। হামলায় তারা গুরুতর আহত হন। এছাড়া তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, হাঙ্গর খালে ইজারাকৃত বালুমহালকে কেন্দ্র করে চাঁদা দাবি, ভাঙচুর, হামলা ও লুটপাটের অভিযোগে ৮ জনকে এজাহারভুক্ত আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner