
এলনিউজ২৪ডটকম: চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে লোহাগাড়া-সাতকানিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। থানা থেকে লুট হওয়া অস্ত্র এবং অবৈধভাবে মজুতকৃত আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় একটি ভয়ভীতি ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হলে প্রথম ও প্রধান শর্ত হলো অস্ত্রমুক্ত পরিবেশ নিশ্চিত করা। নির্বাচনের আগে অবিলম্বে লুট হওয়া ও অবৈধ সব অস্ত্র উদ্ধার না করা হলে ভোটের মাঠে সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা থেকে যাবে। জনগণ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। সেই অধিকার নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষ ভূমিকা পালন করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে লোহাগাড়া সদরের একটি হাইওয়ে রেস্টুরেন্ট হল রুমে উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাজমুল মোস্তফা আমিন আরো বলেন, দীর্ঘদিন সাতকানিয়া-লোহাগাড়া অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। অতীতের এমপিরা এক্ষেত্রে আশানুরূপ উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। এমপি নির্বাচিত হলে সাতকানিয়া-লোহাগাড়ার উন্নয়নে আগামী একশত বছরের পরিকল্পনা ও মাদক, কিশোর গ্যাং দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এছাড়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সম্প্রসারণে ভূমিকা, যানজট নিরসন, বাস টার্মিনাল ও গণশৌচাগার নির্মাণ করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, সদস্য যথাক্রমে এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির প্রমুখ।
Lohagaranews24 Your Trusted News Partner