
_____ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি_____
আবার কখনো জন্ম হলে
বেছে নেবো এই দেশটারে
শৈশব জুড়ে হারিয়ে যাবো
সোনালি ক্ষেতের আ’ল ধরে,
আবার কখনো জন্ম নিলে
খুঁজে নেবো এই দেশটারে
পাখির ডানায় উড়ে যাবো
দামাল, দারুণ কৈশোরে।
আবার কখনো জন্ম হলে
বেছে নেবো এই দেশটারে
যৈবতী মন ভাসিয়ে দেবো
ঝর্ণাজলের ঝংকারে।
আবার কখনো জন্ম নিলে
খুঁজে নেবো এই দেশটারে
সকাল,দুপুর, সন্ধ্যে হবে
ইছামতির পাড় ধরে
আবার কখনো জন্ম হলে
বেছে নেবো এই দেশটারে
ঘুড়ির সূতোয় বাঁধবো তবে
লালন,বাউল মনটারে
আবার কখনো জন্ম নিলে
খুঁজে নেবো এই দেশটারে
নিজের সকল বিলিয়ে দেবো
আপন এ প্রাণ সংহারে।

Lohagaranews24 Your Trusted News Partner