
এলনিউজ২৪ডটকম: পুকুরে মাছ শিকার করতে গিয়ে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে আহত বিপন্ন প্রজাতির ‘প্যালাসের মাছের ঈগল’ উদ্ধার করেছে বনবিভাগ। পরে সেটিকে চিকিৎসার জন্য কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, শনিবার (২৯ নভেম্বর) সকালে সাতকানিয়া উপজেলার উত্তর ছদাহা এলাকায় মাছ ধরতে গিয়ে হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারে স্পৃষ্টে একটি ঈগল আহত হয়ে পুকুরে পড়ে যায়। তৎক্ষণিক বিষয়টি স্থানীয় মো. ইকবাল হোসাইন সাকী নামে একজন সচেতন নাগরিক বনবিভাগকে খবর দেন। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ঈগলটি উদ্ধার করেন।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, ‘প্যালাসের মাছের ঈগল’ একটি বিপন্ন প্রজাতির পাখি। বর্তমানে এদের বাসস্থান ধ্বংস, নদী ও জলাভূমি কমে যাওয়া, বিষ প্রয়োগে মাছ মারা, বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ও অনিয়ন্ত্রিত শিকারের কারণে এই প্রজাতির ঈগল হারিয়ে যেতে বসেছে। উদ্ধার হওয়া প্যালাসের মাছের ঈগলটি (হ্যালিয়েটাস লিউকোরিফাস) দুর্বল হয়ে গেছে। এছাড়া পায়ে ক্ষত রয়েছে। তাই সুচিকিৎসার জন্য ঈগলটি ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner