
নিউজ ডেক্স : বান্দরবানের রাজবিলা পাহাড়ি এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় তার হাত-পা বাঁধা অবস্থায় ছিল এবং তার লাশ গলিত অবস্থায় পাওয়া যায়। তবে এখনো লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। পচে যাওয়ায় লাশটি পাহাড়ি না বাঙ্গালির তাও জানা যাচ্ছে না। আজ মঙ্গলবার দুপুরে রাজবিলা ইউনিয়নের ঝংকা পাড়ার কাছে পাহাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাজবিলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শাহাদাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঝংকা পাড়ার কাছে পাহাড় থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। লাশের পা ও হাত পিছমোড়া করে বাঁধা রয়েছে। মুখমণ্ডল পচে যাওয়ায় তা সনাক্ত করা সম্ভব হচ্ছে না। স্থানীয়রা ধারণা করছেন, সন্ত্রাসীরা অন্য কোনো এলাকা থেকে অপহরণ করে ঐ ব্যক্তিকে হত্যা করার পর লাশটি সেখানে ফেলে যায়।

Lohagaranews24 Your Trusted News Partner