
নিউজ ডেক্স : হাটহাজারী থানা পুলিশ মির্জাপুরের পাহাড়ি এলাকা থেকে এক ব্যক্তির কংকাল উদ্ধার করেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাহাড় থেকে কংকালটি উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয় লোকজন পাহাড়ি এলাকায় মানুষের কংকাল দেখে থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কংকালের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
আজম খাঁন নামে এক ব্যাক্তি জানান, গত ২৯ জুলাই আবদুর রহমান অন্তর (২২) নামে তার এক পুত্র নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর ছেলের সন্ধান না পেয়ে গত ৩ আগস্ট তিনি বাদি হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং:১০৯। কংকাল উদ্ধারের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ছেলের পরিধেয় দেখে লাশটি তার ছেলের বলে শনাক্ত করেন। উদ্ধারকৃত কংকাল সংলগ্ন গাছে একটি ওড়না ঝুলন্ত অবস্থায় দেখা যায়। কংকালের ময়নাতদন্তের প্রতিবেদন আসলে তিনি মামলা করবেন বলে গণমাধ্যমকে জানান।

থানার ওসি (মিডিয়া) তৌহিদুল করিম কংকাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে বলে জানান। দৈনিক আজাদী
Lohagaranews24 Your Trusted News Partner