
নিউজ ডেক্স : কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফনদে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) যৌথ টহল শুরু হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে নাফনদের টেকনাফ সদর থেকে এ টহল শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলে বলে নিশ্চিত করেছেন ২-বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী।

যৌথ টহলে বিজিবির পক্ষে সুবেদার মো. ইব্রাহিম হোসেন এবং বিজিপির পক্ষে নম্বর (৪) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের (Pyin Phyu Camp) ইনচার্জ থেইন লিন মং নেতৃত্ব দেন।
টেকনাফ সদর বিওপির কমান্ডার সুবেদার মো. ইব্রাহিম হোসেন জানান, সৌহার্দ্যপূর্ণ সহ-অবস্থানের প্রত্যয়ে নাফনদে যৌথ টহল সম্পন্ন হয়েছে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশরোধ ও মাছধরা জেলেদের বিষয়ে কোনো সমস্যার সৃষ্টি হয়ে প্রয়োজনে পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে সচেষ্ট থাকবে বলে ঐকমত্য পোষণ করেন।
২-বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী জানান, ২-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টেকনাফের নাজিরপাড়া হতে মিয়ানমারের প্রাংপ্রু এলাকা (বিআরএম-৫ হতে বিআরএম-৭ পর্যন্ত) বুধবার ১০টার সময় হতে বেলা ১১টা পর্যন্ত মিয়ানমারের বিজিপির সঙ্গে যৌথ টহল দেয়া হয়। ঘণ্টাব্যাপী এ যৌথ টহল সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পরে বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি সদস্যরা টেকনাফ বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটি হয়ে ফিরে আসে।
Lohagaranews24 Your Trusted News Partner