
নিউজ ডেক্স : মহামারী করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী বুধবার (২৫ মার্চ) থেকে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-কক্সবাজার রুটের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আজ সোমবার (২৩ মার্চ) বিমান কর্তৃপক্ষ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
সূত্র আরো জানায়, ওইদিন থেকে ঢাকা-সিলেটের ২টি ফ্লাইট বিজি ৬০১, ৬০২ এবং ২৯ মার্চের বিজি ৪০১, ৪০১ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ২৬ মার্চ থেকে ঢাকা-যশোর, ঢাকা-রাজশাহী এবং ঢাকা-সৈয়দপুরের সব ফ্লাইট বন্ধ করা হচ্ছে। আর ২৭ মার্চ থেকে বন্ধ হচ্ছে ঢাকা-বরিশালের সব ফ্লাইট। এই নিষেধাজ্ঞা ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
প্রসঙ্গত, গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে সারাবিশ্বে এখন পর্যন্ত তিন লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩ হাজারেরও বেশি মানুষ। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯৬ হাজার মানুষ।

বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সবশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ২৭ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন দুজন। করোনার সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। এমনকি মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner