
নিউজ ডেক্স : জঙ্গি সদস্যরা অবস্থান করছে এমন সন্দেহে রাজধানীর বনানীতে একটি আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ।
শনিবার (৩ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল আদালত থেকে পালানো জঙ্গি এবং তাদের অনুসারীরা এই এলাকায় রয়েছে। এই তথ্যের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করছি।
অভিযানে কেউ আটক রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বলা যাবে। বনানীর কাকলি এলাকার হোটেল এবং মেসে অভিযান চলছে।
যোগাযোগ করা হলে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদ বলেন, জঙ্গি সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী সন্দেহে পুলিশের ব্লক রেইড চলছে। রাত সাড়ে ৮টার পর বনানী এলাকায় ব্লক রেইড শুরু হয়। ব্লক রেইডের অংশ হিসেবে বনানী থানাধীন ইনসাফ নামের আবাসিক হোটেলে অভিযান চলছে। তবে সর্বশেষ খবর অনুযায়ী ব্লক রেইড চলাকালে কোনো জঙ্গি, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়নি বলে জানান ডিসি আহাদ। -ঢাকা পোস্ট
Lohagaranews24 Your Trusted News Partner