
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে অভিযানের পরও থেমে নেই টিলা কেটে বালু বিক্রি। ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুফিনগর বাঁশখালিয়া পাড়ার সংলগ্ন লুতু মিয়ার ঘোনায় এ টিলা কাটা হচ্ছে। এতে বিনষ্ট হচ্ছে টিলায় থাকা গাছ ও টিলা সংলগ্ন রাতার ছড়ার বাঁধ।
জানা যায়, স্থানীয় জনৈক প্রভাবশালী প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিন-রাতে সমানতালে অবৈধভাবে সরকারি জায়গায় টিলা কাটছেন। প্রতি গাড়ি বালু ১২-১৪শত টাকায় বিক্রি করছেন। টিলা কাটার সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে স্থানীয় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। প্রায় ৬ মাস পূর্বে একই স্থানে টিলা কেটে বালু বিক্রির অভিযোগে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। জব্দ করা হয়েছিল টিলা কেটে স্তুপকৃত বালু। এ সময় টিলা কাটার অপরাধে একজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। পরে জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হয়। ওইস্থানে উপজেলা ভূমি অফিসের সাঁটানো ব্যানার বর্তমানেও রয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) সরেজমিনে দেখা যায়, টিলা কাটার স্থানে যাবার পথে ট্রাকে করে বালু নিয়ে যাবার দৃশ্য প্রত্যক্ষ করা হয়। তবে, ওইস্থানে গিয়ে টিলা কাটার চিহ্ন থাকলেও নেই কোন যন্ত্রপাতি। স্থানীয়দের মতে, ভ্রাম্যমাণ আদালতের ভয়ে টিলা খেকোরা এখন আগের মতো বালুর স্তুপ করেন না। তাৎক্ষণিক টিলা কেটে ট্রাক ভর্তি করে বালু নিয়ে যায়। এছাড়া অবৈধভাবে টিলা কেটে বালুবাহী ট্রাক চলাচলের কারণে সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। ওই সড়ক দিয়ে যাতায়াতকারীদের প্রতিনিয়ত চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, টিলা কেটে মাটি বা বালু বিক্রি করা শান্তিযোগ্য অপরাধ। অভিযান চালিয়ে টিলা কাটার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner