
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানার চরম্বা ইউনিয়নের বাইয়ার পাড়ায় গত ১০ সেপ্টেম্বর রাতে খন্তার আঘাতে এক যুবক ঘটনাস্থলে খুন হয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে। নিহত যুবক আবদুল মান্নান (২২) চরম্বা বাইয়ার পাড়ার মোঃ জেয়াবুলের পুত্র ও ঘাতক আবদুর রহিম (২২) একই এলাকার ফয়েজ আহমদের পুত্র বলে জানা গেছে। খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই মাহবুব হোসেন লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ময়নাতদন্ত শেষে ১১ সেপ্টেম্বর বিকেলে মান্নানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহতের পিতা জেয়াবুল সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, ঘটনার পর স্থানীয় মেম্বার আকতার হোসেন ঘাতক রহিমকে পালিয়ে যেতে সহায়তা করেছে। তবে মেম্বার আকতার হোসেনকে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

লোহাগাড়া থানা পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্র ঘটনার বিবরণে জানিয়েছেন, রহিম ও মান্নান উভয়ে বন্ধু ছিলেন। বিগত ৩ বছর আগে মুখে টর্চের আলো ফেলাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে এক অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে শালিস বৈঠকে তা মিমাংসা হয়। তবে রহিম এ ব্যাপারে মান্নানের উপর আক্রোশ পোষণ করে আসছিল। ঘটনার দিন রাতে মান্নান স্থানীয় একটি বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে রহিম লুকিয়ে ছিল। এক পর্যায়ে পিছন থেকে মান্নানের মাথায় লোহার রডের খন্তা দিয়ে আঘাত করে। ফলে তিনি মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, জিজ্ঞাসাবাদের জন্য রহিমের মা নূরজাহান (৪৭) ও বোন রেনু আরা আক্তার (১৯) কে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। এ সংক্রান্ত লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
Lohagaranews24 Your Trusted News Partner