
নিউজ ডেক্স : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শোয়াবুর রহমান নামের এক শিবিরকর্মীকে মারধর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে এ ঘটনা ঘটে।
শোয়াবুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র এবং এ এফ রহমান হলের ১২৯ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী। মারধরের শিকার হওয়ার পর শোয়াবুরকে চবি ফাঁড়ি পুলিশের হাতে সোপর্দ করা হয়।

ছাত্রলীগ নেতাকর্মীরা বলেন, শনিবার সন্ধ্যায় দুটি সিএনজিতে করে ১০ জন এ এফ রহমান হলের ১২৯ নম্বর কক্ষে আসেন। তাদের কথা শুনে ছাত্রলীগের এক কর্মী আমাদের জানান। আমরা তাদেরকে ধরতে গেলে শোয়াবুর রহমানকে কক্ষে পেলেও বাকিদের পাওয়া যায়নি। পরে আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরকর্মী শোয়াবুরকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছি।
চবি ছাত্রলীগ নেতা জামান নূর বলেন, ‘আমরা ডকুমেন্টসহ শিবিরকর্মী শোয়াবুর রহমানকে ধরে ফেলি। তবে তার সঙ্গে আসা বাকিরা পালিয়ে যাওয়ায় তাদেরকে ধরতে পারিনি। শোয়াবুরকে ধরে গণধোলাই দেওয়ার পর চবি ফাঁড়ি পুলিশের হাতে তুলে দিয়েছি।’
জামান নূর আরো বলেন, ‘আমরা চাই, শোয়াবুর রহমানের কাছ থেকে চবি ক্যাম্পাসে শিবির কী নাশকতা করার পরিকল্পনা করেছে সেগুলো বের করে আনবে প্রশাসন। তার সঙ্গে জড়িত সবাইকে আটকও করতে হবে।’ দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবিও জানান তিনি।
সূত্র : কালের কন্ঠ
Lohagaranews24 Your Trusted News Partner