
নিউজ ডেক্স : চকরিয়ার খুটাখালী মেধা কচ্ছপিয়া থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মরদেহের আকৃতি ও অবস্থান দেখে পুলিশ ধারণা করছে গাড়িচাপায় ওই যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. জুয়েল (১৮)। জুয়েল চকরিয়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ভাঙার মুখের উত্তর বিণামারা এলাকার মোক্তার আহমদের ছেলে। শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে খুটাখালী মেধা কচ্ছপিয়ার মহাসড়ক থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার সকালে তার স্বজনরা ফাঁড়িতে এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়। নিহতের মামাতো ভাই সুজন চৌধুরী জানান, তার ফুফাত ভাই জুয়েল মানসিক ভারসাম্যহীন ছিল। মাঝে মধ্যে রাতে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে গাড়ি থামানোর চেষ্টা করতো।

Lohagaranews24 Your Trusted News Partner