
নিউজ ডেক্স : কক্সবাজারের টেকনাফে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নিহত শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শৌমিং (৭১) নামে মিয়ানমারের একজনের জাহাজ থেকে পড়ে মৃত্যু হয়েছে।
অন্যদিকে, শিশু সোহেনার (৯) মারা গেছে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে। মঙ্গলবার পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানা পুলিশের ওসি হাফিজুর রহমান জানান, মিয়ানমার থেকে টেকনাফ বন্দরে পণ্য নিয়ে আসা জাহাজ ঘূর্ণিঝড়ের কবলে পড়লে ডেক থেকে পড়ে শৌমিং নামের একজনের মৃত্যু হয়। বিকেল নাফ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মিয়ানমারের নাগরিক। তিনি ওই জাহাজের বাবুর্চি ছিলেন।
অন্যদিকে, গতকাল সোমবার রাতে ঝড়ের সময় পুকুরে পড়ে নিখোঁজ হয় টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ডের জালিয়াপাড়ার বাসিন্দা জাফর আলমের মেয়ে সোহেনা। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার তার মরদেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে।
ওসি মো. হাফিজুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। -ঢাকা পোস্ট
Lohagaranews24 Your Trusted News Partner