
ফাইল ছবি
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে বন্যহাতির আক্রমণে মো. পেঠান প্রকাশ নুরুল ইসলাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নারিশ্চা এলাকার মৃত আজমত উল্লাহর পুত্র।
মঙ্গলবার (৪ জুলাই) রাত ১১টার দিকে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নিকটাত্মীয় মোকতার হোসেন জানান, পার্বত্য লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান পাড়ায় তার খামার বাড়ি রয়েছে। প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় তিনি খামার বাড়ি থেকে বসতঘর ফিরছিলেন। এ সময় চুনতি ইউনিয়নের মইজ্যা তলি এলাকায় পৌঁছলে বন্যহাতি আক্রমণ করে। এরপর তিনি একটি ঝিরিতে পড়ে যায়। ঝিরির পানিতে ভেসে চাম্বি খালের পর্যটন এলাকায় চলে আসে রাত ৯টার দিকে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বন্যহাতির আক্রমণে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানান তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বন্যহাতির আক্রমণে নিহত কৃষকের মরদেহ নিজ বাড়িতে রয়েছে। তার মরদেহ সামাজিক কবরস্থানে দাফনের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner