
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াব ৭১ পরিবহণের এসি বাস থেকে ইয়াবাসহ চালক ও দু’সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ আগষ্ট শনিবার রাত ২টায় থানার সামনে চট্টগ্রাম শহরমুখী ওই বাসে তল্লাশী চালিয়ে ১২ হাজার ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হল ঢাকার আশুলিয়ার দোশাইল কলেজের পাশে মৃত রাইজ উদ্দিনের পুত্র বাসচালক মোঃ কবির হোসেন (৪০), শরীয়তপুর সদরের পশ্চিম পোয়ারপুর মাতব্বর বাড়ির ওয়াজ উদ্দিন মাতুব্বরের পুত্র সুপারভাইজার মোঃ রাশেদ (২৪) ও বাঘেরহাটের রামপাল ভরসাপুর বাজারের শিবনগর রহমান শেখের বাড়ির আবদুল খালেকের পুত্র হেলপার মোঃ হাবিবুর রহমান (২৩)।

অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই ওবাইদুল হক। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী ইয়ার ৭১ এসি বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-২৯৩১) তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৫ লাখ বলে জানা গেছে। ইয়াবা পাচার কাজে ব্যবহৃত বাসটিও লোহাগাড়া থানার হেফাজতে রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক একইদিন তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner