
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় কৃষিজমির টপসয়েল কাটাসহ তিন ব্যক্তিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান।

অভিযানে উপজেলার চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা এলাকার রিয়াদকে ৫০ হাজার টাকা, কলাউজান ইউনিয়নের পিএসবি ইটভাটার মালিক আইয়ুবকে ৫০ হাজার টাকা ও চুনতি ইউনিয়নের ফারেঙ্গা কিল্লাখোলা এলাকার মনসুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান জানান, অভিযান চালিয়ে কৃষিজমির টপসয়েল কাটায় রিয়াদ ও আইয়ুবকে এবং গাছ পাচারের দায়ে মনসুরকে সংশ্লিষ্ট আইনে জরিমানা করা হয়েছে।
কৃষিজমির টপসয়েল, পাহাড়-টিলা কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এসব কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Lohagaranews24 Your Trusted News Partner