ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় প্যাকেজে ৭৪ লাখ টাকার কেনাকাটা, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় প্যাকেজে ৭৪ লাখ টাকার কেনাকাটা, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়টি পৃথক প্যাকেজে ওষুধ, চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন মালামাল কেনার টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। টেন্ডার মূল্যায়ন কমিটি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অজ্ঞাতে নির্দিষ্ট কমিশনের বিনিময়ে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় ঠিকাদার, টেন্ডার মূল্যায়ন কমিটি, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

জানা যায়, গত ২৯ অক্টোবর পত্রিকায় ই-টেন্ডার বিজ্ঞপ্তির মাধ্যমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ছয় ধরণের পণ্য ও সামগ্রী কেনার দরপত্র আহবান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে দরপত্র আহবানকারী হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরানের নাম উল্লেখ রয়েছে। ছয়টি পৃথক প্যাকেজগুলো হল নন-ইডিসিএল ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি, রাসায়নিক বিকারক ও এক্স-রে ফিল্ম, গজ, ব্যান্ডেজ ও তুলা, লিনেন সামগ্রী এবং আসবাবপত্র। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছয়টি প্যাকেজের দরপত্র ১ নভেম্বর সকাল ৮টায় প্রকাশ হবে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয় ১০ নভেম্বর দুপুর ২টা এবং দরপত্র খোলার সময় ১১ নভেম্বর সকাল ১০টায়। সব দরপত্র ই-জিপি পোর্টালের মাধ্যমে গ্রহণের কথা বলা হয়। কোনো অফলাইন বা সরাসরি হার্ডকপি গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সদস্য জানান, তাকে ১০ শতাংশ কমিশনের বিনিময়ে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কাজ পাইয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে এক ব্যক্তি যোগাযোগ করেন। তবে এ ধরনের কাজ তার পক্ষে সম্ভব নয় বলে তিনি জানিয়ে দেন। তার অভিযোগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরান নির্দিষ্ট কমিশনের বিনিময়ে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য এস এস ছলিম উদ্দিন চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন। অথচ ২০২৬-২০২৭ অর্থবছরের ছয়টি প্যাকেজে সরকারি মূল্য ৭৪ লাখ টাকার কেনাকাটার দরপত্র প্রক্রিয়া সম্পর্কে তাকে কিংবা কমিটির সদস্যদের অবহিত করা হয়নি। হাসপাতালের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনার বিষয়টি সরাসরি চিকিৎসাসেবা, রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ও সরকারি অর্থের যথাযথ ব্যবহারের সাথে জড়িত। ছয়টি প্যাকেজের দরপত্র ও ঠিকাদার নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থাপনা কমিটির সাথে কোনো ধরণের আলোচনা করে নাই।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরান জানান, দরপত্র আহবানের পর নিয়ম অনুযায়ী হাসপাতালের মালামাল ক্রয়ের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। নির্দিষ্ট পরিমাণ কমিশনের বিনিময়ে একজন ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টার বিষয়টি অস্বীকার করেছেন। এছাড়া প্রক্রিয়া শেষ না হওয়ায় পর্যন্ত টেন্ডার সংক্রান্ত কোনো ধরণের তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেন তিনি।

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী জানান, অভিযোগের বিষয়টি আমিও শুনেছি। তবে গোপনে কোনো ধরনের টেন্ডার হওয়ার সুযোগ নেই। পুরো টেন্ডার প্রক্রিয়া স্বচ্ছ ও প্রকাশ্য হতে হবে। টেন্ডার প্রক্রিয়ায় কোনো ধরনের স্বজনপ্রীতি করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!