
নিউজ ডেক্স : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডব চলাকালে ছিনিয়ে নেওয়া পুলিশের অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার মিরের হাট এলাকার জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি ও পিস্তল উদ্ধার করা হয়। বাংলানিউজ
জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, তাণ্ডবের সময় হাটহাজারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইউসুফের একটি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি হারিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মিরের হাট এলাকার জঙ্গল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

গত ২৬ মার্চ বিক্ষোভ চলাকালে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা থানা ভবন, ভূমি অফিস ও ডাক বাংলোতে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। গুলিবিদ্ধ হয়ে মারা যায় চারজন। এসব ঘটনায় হাটহাজারী থানায় ৪ হাজার ৫০০ জনকে আসামি করে ১০টি মামলা দায়ের করে পুলিশ। মামলায় জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। এসব মামলায় এখন পর্যন্ত ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner