
এলনিউজ২৪ডটকম : সৌদি আরবের মক্কায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) স্থানীয় সময় বিকেল ৫টায় মক্কার আল হেরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত যুবকের নাম নাজিম উদ্দিন (২৯)। তিনি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী দানেশ সিকদার পাড়ার মৃত আবদুল মালেকের পুত্র। নিহতের বড় ভাই সৌদি প্রবাসী মো. রফিক ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদটি পরিবারের কাছে জানিয়েছেন।
নিহতের ভাই মো. রাশেল জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিহত নাজিম উদ্দিন গত ৫ মে মক্কার আল হেরা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তিনি মারা যান। নাজিম উদ্দিন সৌদি আরবের মক্কায় ব্যবসা করতেন। দেড় বছর পূর্বে তিনি বিয়ে করেছিলেন। দেশে ছুটি কাটিয়ে প্রায় ৪ মাস পূর্বে তিনি সৌদি আরব গিয়েছিলেন। সৌদি সরকারের নিয়ম অনুযায়ী নিহত নাজিম উদ্দিনের লাশ সেখানেই দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমডি জুনাইদ জানান, ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নাজিম উদ্দিন নামে এক যুবক সৌদি আরবের মক্কায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিষয়টি ওই যুবকের পরিবারের কাছ থেকে অবগত হয়েছি। এদিকে, নাজিম উদ্দিনের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছলে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, গত ৬ মে সৌদি আরবের মদিনায় মোহাম্মদ রফিক (৫৫) ও ইসহাক মিয়া (৪৩) নামে লোহাগাড়ার দুই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner