ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

লোহাগাড়ায় সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় অপহরণ, নির্যাতন ও বাড়িঘর থেকে মালামাল লুটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন নুর জাহান নামে এক নারী। তিনি তার সাবেক স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে এসব অভিযোগ করেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার সদরস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুর জাহান বলেন, পারিবারিক বিরোধের জেরে ২০২০ সালে তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর তার ছেলেরা লোহাগাড়া সদর ইউনিয়নের দয়ার পাড়ায় একটি ভবন নির্মাণ করে সেখানে তাকে ও তার মেয়ে খাইরুন্নেছা ফাতেমাকে বসবাসের ব্যবস্থা করে।

তিনি অভিযোগ করেন, তার সাবেক স্বামী দীর্ঘদিন ধরে তাকে ও তার মেয়েকে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ২৮ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা কয়েকটি গাড়ি নিয়ে এসে তাদের বাসায় অনধিকার প্রবেশ করে।

লিখিত বক্তব্যে তিনি আরও জানান, এ সময় তাকে, তার বৃদ্ধ মা আমির খাতুন (৮০) এবং মেয়ে ফাতেমাকে চোখ-মুখ বেঁধে জোরপূর্বক তুলে নিয়ে একটি পরিত্যক্ত ঘরে আটকে রাখা হয় এবং মারধরসহ শারীরিক নির্যাতন করা হয়। একই সময়ে অভিযুক্তদের সহযোগীরা বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্র, মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে নুর জাহান আরও বলেন, এ ঘটনায় প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের গুম ও হত্যার হুমকি দিচ্ছে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় তিনি অভিযোগ করেন, অভিযুক্তরা তার মেয়ের শিক্ষাসংক্রান্ত কাগজপত্র নিয়ে যাওয়ায় তিনি মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!