
নিউজ ডেক্স: চট্টগ্রামের ফটিকছড়ির চা বাগানে শিকার করা বণ্যপ্রাণীর মাংস নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেশীয় একটি একনলা বন্দুকসহ সুমন ওরাং (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার (১৭ মে) সকাল ১১টায় উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের সুজানগর চা বাগান থেকে সুমনকে আটক করা হয়। আটক সুমন বাগানের শ্রমিক বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুজানগর চা বাগানে বন্য শুকরসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকারের মাংস ভাগভাটোয়ারা নিয়ে স্থানীয় শিকারিদের নিজেদের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরেই শনিবার ওই এলাকায় অস্ত্রের মহড়া ও গোলাগুলির ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, চা বাগানে অস্ত্র নিয়ে হামলার ঘটনায় অভিযুক্ত সুমনকে আটক করা হয়েছে। তার স্বীকারোক্তিতে পুলিশ অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, চা বাগান এলাকায় বন্যপ্রাণী শিকার করার উদ্দেশ্যে তারা দেশীয় প্রযুক্তিতে এই আগ্নেয়াস্ত্র তৈরি করেছিল। শিকার করা পশুর মাংসের ভাগভাটোয়ারা ও নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তারা এই অস্ত্র নিয়ে মহড়া ও গোলাগুলিতে লিপ্ত হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, যোগ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
Lohagaranews24 Your Trusted News Partner