Home | ব্রেকিং নিউজ | চিকিৎসকদের নিষ্ঠা ও মানবিকতাই মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে পারে: শাহজাহান চৌধুরী

চিকিৎসকদের নিষ্ঠা ও মানবিকতাই মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে পারে: শাহজাহান চৌধুরী

এলনিউজ২৪ডটকম: চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, চিকিৎসকরা দায়িত্বশীল ও নিবেদিত হয়ে কাজ করলে রোগীরা সঠিক এবং সময়োপযোগী সেবা পাবে। শুধু ওষুধ বা প্রযুক্তি নয়, চিকিৎসকদের মানবিক দৃষ্টিভঙ্গিও রোগীর দ্রুত সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চিকিৎসকদের নিষ্ঠা ও মানবিকতাই মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে পারে। স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি ও চিকিৎসা ব্যবস্থার মান উন্নত করতে হবে। তাই চিকিৎসকদের আরও যত্নশীল, মানবিক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানান।  শনিবার (২৮ মার্চ) সকালে লোহাগাড়া উপজেলা ট্রমা সেন্টার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের এসে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ট্রমা সেন্টার পুরোদমে বন্ধ ছিল। ইন্টেরিম সরকারের সময় এই ট্রমা সেন্টার চালু করার উদ্যোগ নিয়েছিলাম। লোহাগাড়া উপজেলা ট্রমা সেন্টার বন্ধ হবে না। এটি বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আগামীতে সবসময় ট্রমা সেন্টার চালু রাখার জন্য যা যা করা দরকার সব ধরণের পদক্ষেপ নেয়া হবে।

একইদিন উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা, সিনিয়র স্টাফ, নার্স, মিডওয়াইফ ও সকল কর্মচারীদের সাথে মতবিনিময় করেন শাহজাহান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নুসরাত জাহান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আ.ন.ম নোমান, পদুয়া ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যক্ষ আ.ক.ম হামিদুল হক, সেক্রেটারি মাওলানা আবদুর রহমান ও ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!