
নিউজ ডেক্স : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করা হয়েছিল বলে বিদেশি গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিমের পক্ষে উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর ওপর তথাকথিত ব্যর্থ হামলার সঙ্গে একটি বিশেষ বাহিনীর কতিপয় সদস্যকে সংশ্লিষ্ট করে বাংলাদেশের কয়েকটি টিভি চ্যানেলে খবর প্রচারসহ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা কাম্য নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘গত ২৩ সেপ্টেম্বর একটি বিদেশি টিভি চ্যানেল ও একটি আন্তর্জাতিক অনলাইন পত্রিকার সূত্র ব্যবহার করে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গত ২৪ আগস্ট প্রাণনাশী হামলার ব্যর্থ প্রচেষ্টার খবর প্রকাশ করে। মাননীয় প্রধানমন্ত্রীর ওপর তথাকথিত ব্যর্থ হামলার সঙ্গে একটি বিশেষ বাহিনীর কতিপয় সদস্যকে সংশ্লিষ্ট করে বাংলাদেশের কয়েকটি টিভি চ্যানেলে খবর প্রচারসহ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘মাননীয় প্রধানমন্ত্রীর ওপর ২৪ আগস্ট হামলার খবরটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত। দেশের নিরাপত্তার সার্বিক স্বার্থ পরিপন্থী এরূপ বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা কোনো দায়িত্বশীল ব্যক্তি ও সচেতন গণমাধ্যমের পক্ষ থেকে মোটেও কাম্য নয়। এরূপ ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন এবং বিচার বিবেচনাপ্রসূত মিডিয়া কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
Lohagaranews24 Your Trusted News Partner