
এলনিউজ২৪ডটকম: চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি দেশের সাধারণ মানুষের কাছে আস্থা ও নির্ভরতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। স্বল্প খরচে কার্যকর চিকিৎসা সেবা নিশ্চিত করতে হোমিওপ্যাথির ভূমিকা অপরিসীম এবং গ্রামীণ জনপদে এর গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি হোমিওপ্যাথিকে আরও প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নিতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা, গবেষণা এবং দক্ষ চিকিৎসক তৈরির উদ্যোগ। জনগণের দোরগোড়ায় সহজলভ্য চিকিৎসা সেবা পৌঁছে দিতে হোমিওপ্যাথি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে লোহাগাড়া উপজেলা সদরের এক রেস্টুরেন্টের হল রুমে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের আবিস্কারক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী এবং বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লোহাগাড়া হোমিওপ্যাথিক পেশাজীবী কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ডা. মোহাম্মদ আবেদর রহমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সাবেক চট্টগ্রাম বিভাগীয় সদস্য ডা. সালেহ আহমদ সুলেমান।
পরিষদ সাধারণ সম্পাদক ডা. আখতার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. এম এইচ আর রেজাউল করিম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল আবছার, ডা. শামশুদ্দীন আহমদ, ডা. মোহাম্মদ গোলাম হোসেন, ডা. এম ফারুক আহমদ ও ডা. এম এস কামাল উদ্দীন সরওয়ার। অনুষ্ঠানে স্থানীয় সুধি ও উপজেলার হোমিওপ্যাথিক চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner