
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে ৪ পাচারকারী। বুধবার (২৩ জুন) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত মাইক্রোবাস।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ সদরের কচ্চবনিয়া এলাকার মো. সালামের পুত্র খোরশেদ আলম (২০), মানিকগঞ্জ জেলা সদরের কাটিগ্রামের মো. সোলতানের পুত্র মো. হানিফ (৩২), ঢাকা জেলার বাথুলী এলাকার সুতীপাড়ার লোকমান হোসেনের পুত্র মিজানুর রহমান (২৯) ও রাঙ্গামাটির কাপ্তাই থানার গর্জনীয়া পাড়ার মৃত গুনধর তনচংগ্যার পুত্র রিটন তনচংগ্যা (৩০)।
পুলিশ জানায়, যাত্রীবাহী বাসে তল্লাশী করে খোরশেদ আলমের কাছে ২ হাজার ৫শ পিস ইয়াবা এবং মাইক্রোবাসে মিজানুর রহমান ও হানিফের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়া সার্কেলের ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে রিটন তনচংগ্যার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner