
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া দূল্লর্ভের পাড়ায় বসতঘর ও গোয়ালঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ ৯ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় এ ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত বসতঘর ও খামার ঘরের মালিক ওই এলাকার মৃত আবদুল মজিদের পুত্র কৃষক আবদুল কুদ্দুস (৬২)।

ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মাটির দেয়াল ও টিনের ছাউনীযুক্ত বসতঘর এবং বাঁশের বেড়া ও টিনের ছাউনীযুক্ত গোয়ালঘর আগুনে পুড়ে যায়। শৌরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে ওই সময় গোয়ালঘরে কোন গরু-ছাগল ছিলনা।

খবর পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ও বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এম ডি জুনাইদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেছে বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner