
এলনিউজ২৪ডটকম: কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি পানির ঢলে লোহাগাড়ার আধুনগরে হাতিয়ার খালে ভাঙ্গন দেখা দিয়েছে।
সোমবার (১ জুলাই) বিকেলে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ায় এই ভাঙ্গন দেখা দেয়। এতে লোকালয়ে ঢুকে পড়ছে পানি। আতংকের মধ্যে আছেন এলাকাবাসী।

জানা যায়, টানা বৃষ্টিতে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ডলু, টংকাবতী, হাঙ্গর, হাতিয়া, থমথমিয়া, রাতার ছড়া ও বোয়ালিয়া খালসহ বিভিন্ন খাল-ছড়ায় পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে আধুনগর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের সরদানী পাড়ায় ডলুর ভাঙ্গন দেখা দিবে। এতে প্লাবিত হবে আশপাশের এলাকা। ক্ষতিগ্রস্ত হবে প্রায় ২ শতাধিক বসতঘর। এছাড়া পানি আরো বৃদ্ধি পেলে উপজেলার বিভিন্ন খাল-ছড়ায় ভাঙ্গন দেখা দেয়ার আশংকা প্রকাশ করা হচ্ছে।
আধুনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী পারভেজ জানান, সিকদার পাড়ায় হাতিয়ার খালে ভাঙ্গনের ফলে পানি লোকালয়ে ঢুকে পড়ছে। ইতোমধ্যে ৫টি মৎস্য খামার ডুবে গেছে। নষ্ট হয়ে গেছে বীজতলাসহ ক্ষেত-খামার। বন্যার পানি আরো বৃদ্ধি পেলে ক্ষতিগ্রস্ত হবে বসতঘর।
Lohagaranews24 Your Trusted News Partner