
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৩ পরিবারের বসতঘর। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চাকফিরানী এলাকার দক্ষিণ শীল পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার ননী গোপাল শীলের পুত্র বাদল শীল, ঝন্টু শীল ও কালু শীলের পুত্র সজল শীল। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ওসমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুনে টিনের ছাউনী ও মাটির দেওয়ালযুক্ত বসতঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে বসতঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিয়ন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আধা ঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
Lohagaranews24 Your Trusted News Partner