
নিউজ ডেক্স : সাতকানিয়া উপজেলার উত্তর ডেমশা এলাকার উম্মুল কুরা দাখিল মাদ্রাসার এক সহকারী শিক্ষিকাকে কৌশলে নিজ কক্ষে নিয়ে ধর্ষণের ঘটনায় অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যান দমন ট্রাইব্যাল-৪ এর বিচারক জামিউল হায়দার এ রায় ঘোষণা করেন। পুরো বিচার প্রক্রিয়ায় আদালত ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নিখিল কুমার নাথ আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সন্দেহাতীতভাবে ধর্ষণের অপরাধ প্রমানিত হওয়ায় মাওলানা নিজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন না। জামিনে গিয়ে বর্তমানে তিনি পলাতক আছেন। ট্রাইবুনাল সুত্র জানায়, ২০১৬ সালের ৩ জানুয়ারি প্রতি দিনের মতো ক্লাস শেষ করে বাড়ী যেতে চাইলে উক্ত সহকারী শিক্ষিকাকে কাজ আছে বলে কৌশলে আটকে রাখেন আসামি। একপর্যায়ে মাদ্রাসার দ্বিতীয় তলার নিজ কক্ষে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

এ ঘটনায় একই বছরের ২৬ সেপ্টেম্বর ভিকটিম নিজে বাদী হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে নারী ও শিশু নির্যান দমন আইনের ৯(১) ধারায় আদালতে একটি মামলা করেন। আদালতের নির্দেশে পরের বছরের ৮ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। একপর্যায়ে ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি আসামি মাওলানা নিজাম উদ্দিনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ হয়। -আজাদী প্রতিবেদন
Lohagaranews24 Your Trusted News Partner