
নিউজ ডেক্স: আওয়ামী লীগ সরকারের সময়ে দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণে অনিয়ম হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, সারা দেশে মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও মসজিদ উদ্বোধনের আগেই মসজিদের দেয়ালে ফাটল ধরেছে। অনেক জায়গায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে যারাই অনিয়ম করেছে তাদের আইনের আওতায় আনা হবে, অনিয়মকারীদের ছাড় নেই।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ে বন্যদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।
নোয়াখালীর বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে খালিদ হোসেন বলেন, বন্যার পানি কমতে শুরু করলেও নোয়াখালীতে জলাবদ্ধতার পানি কমছে না। এখনো শহরে পানি জমে আছে। সার্কিট হাউজের সামনে দিয়ে আসতে দেখলাম সেখানেও পানি জমা। আমি জেনেছি, নোয়াখালীর জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। এর জন্য দায়ী অবৈধ স্থাপনা।
তিনি আরও বলেন, খাল ও নালা দখল করে অনেক নেতা অবৈধভাবে খামার করেছে, দোকানপাট করেছে। এসব উচ্ছেদ করতে হবে। তা না হলে নোয়াখালীর জলাবদ্ধতা শেষ হবে না। আমি জেলা প্রশাসককে এ বিষয়ে বলেছি। আশা করছি, তিনি দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাবেন।
এ সময় নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিমসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner