
_____ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি_____
করেনি লুট, মারেনি চাপাতি
করেনি খুন, করেনি ডাকাতি,
অথচ,
দিকে দিকে এক শোরগোল পড়ে গেলো
হা ঈশ্বর, একি হলো, একি হলো!

একটি নারী শুধু রেখেছিল হাত একটি পুরুষের হাতে
খুব বেশি ভালোবেসে
হয়তো হঠাৎ অ-বেলাতে,
অপলক চোখে তাকিয়েছিল শুধু সেই পুরুষের চোখে
খুব বেশি ভালোবেসে
হয়তো হঠাৎ কোনো ঝোঁকে,
একটি রমণী কথা দিয়েছিল শুধু একটি পুরুষের কাছে
খুব বেশি ভালোবেসে
হয়তো হঠাৎ ভোলে পাছে,
একটি রমণী সঙ্গী হয়েছিল শুধু সেই পুরুষের সাথে
খুব বেশি ভালোবেসে
হয়তো হঠাৎ কোনো রাতে!
করেনি লুট, করেনি ডাকাতি
করেনি খুন, মারেনি চাপাতি।
তবু ধিক্কার উঠেছিল ভারি
অজস্র আর্তনাদ, আহাজারি।
মোড়ে মোড়ে কানাঘুষা, ফিসফাস
হয়েছে যেনো বিরাট কোনো সর্বনাশ।
অতঃপর,
নিশ্ছিদ্র তদন্তে জানা গেলো
একটি নারী, একটি পুরুষ পরম নির্ভরতায়
খুব বেশি ভালোবেসে কাছে এসেছিল।
খুব কী ক্ষতি হয়েছে?
ভালোই তো শুধু বেসেছে!
Lohagaranews24 Your Trusted News Partner