
নিউজ ডেক্স : ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরো ১৪ দিন বাড়ানো হয়েছে। তবে জরুরি পণ্য পরিবহন অব্যাহত থাকবে।
আজ শনিবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানোর বিষয়ে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের যেসব নাগরিক চিকিৎসার জন্য ভারতে আছেন এবং যাদের ভিসার মেয়াদ ১৫ দিনের কম, শুধু তারা বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারবেন। এ নিয়ম প্রথম দফায় সিদ্ধান্তের পর চালু ছিল। ভিসার মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরতে আগ্রহী ব্যক্তিদের জন্য বাংলাদেশের নাগরিকদের দিল্লি, কলকাতা ও আগরতলার বাংলাদেশ মিশনের অনাপত্তিপত্র নিতে হবে।

গত ২৬ এপ্রিল থেকে ভারতের সাথে দেশের স্থলসীমান্ত বন্ধ রয়েছে। এ অবস্থায় ভারত থেকে যাত্রী আসা-যাওয়া বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner