
এলনিউজ২৪ডটকম: দীর্ঘদিনের গ্রুপিং, মতবিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলের অবসান ঘটিয়ে অবশেষে একমঞ্চে এলেন লোহাগাড়া উপজেলা বিএনপির নেতারা। অভ্যন্তরীণ দ্বন্দ্বে দীর্ঘদিন দুর্বল হয়ে পড়া দলটি এখন কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন ও সংগঠনের পুনর্গঠনে সাথে কাজ শুরু করেছে। আমাদের নেতা তারেক রহমান যে চ্যালেঞ্জ দিয়েছেন, তা মোকাবিলায় আমরা প্রস্তুত। আমরা সবাই একই পরিবারের সদস্য। আমাদের লক্ষ্য একটাই, বিএনপির বিজয়। ঐক্যই হবে বিএনপির মূল শক্তি। মাঠ পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের সম্মান জানিয়ে দ্রুত ইউনিট ভিত্তিক পুণর্গঠনের কাজ শুরু হবে। তাদের সক্রিয় অংশগ্রহণেই দল আবার শক্তি ফিরে পাবে।
শুক্রবার (২৫ জুলাই) রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি সাইরা পাড়ায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিনের বাসভবন প্রাঙ্গণে আয়োজিত সংগঠনের ঐক্যবদ্ধ মিলনমেলায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরো বলেন, দল এখন কঠিন সময় পার করছে। এই সংকটে দলের প্রতিটি স্তরে ঐক্য অপরিহার্য। ঐক্যমতে পৌঁছতে সম্প্রতি একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লোহাগাড়ার প্রবীণ ও গুরুত্বপূর্ণ নেতারা। অতীতের মতানৈক্য পেছনে ফেলে আমরা এক প্ল্যাটফর্মে কাজ করছি। সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মাঠপর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে শক্তিশালী কাঠামো গড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। অচিরেই ইউনিট ভিত্তিক পুণগঠন, নিস্ক্রিয়দের পুণসংযুক্তি এবং আন্দোলনমুখি কর্মসূচি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে নাজমুল মোস্তফা আমিন, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাউদ্দীন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।
এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner