ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় মহাসড়কের পাশে অচেনা ব্যক্তির রক্তাক্ত শরীর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লোহাগাড়ায় মহাসড়কের পাশে অচেনা ব্যক্তির রক্তাক্ত শরীর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় মহাসড়কের পাশে অচেনা এক ব্যক্তির রক্তাক্ত শরীর উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া কলেজ গেট এলাকা থেকে তার রক্তাক্ত শরীর উদ্ধার করা হয়। অচেনা ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।

স্থানীয়রা জানান, ভোরে স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় করতে যাবার পথে মহাসড়কের পাশে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিমুল দত্ত জানান, সকাল ৬টার দিকে মাথা থেঁতলানো আর বাম হাত ভাঙা অবস্থায় রক্তাক্ত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তবে হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, আঘাত দেখে মনে হচ্ছে গাড়ির ধাক্কায় তিনি মাথা ও হাতে আঘাত পেয়েছেন। যার ফলে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!