
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থেকে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। পিরোজপুর জেলার সদর থানাধীন পানির ট্যাংকি এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করে মঙ্গলবার (৭ জুলাই) রাতে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাক চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার যুবকের নাম শরীফুল ইসলাম (২৭)। তিনি খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ইসলামপুর এলাকার রহিম উল্লাহর পুত্র।
পুলিশ জানায়, গত ২৯ জুন রাতে উপজেলা সদরের পুরাতন থানা এলাকা থেকে ট্রাকটি চুরি হয়। পরদিন ট্রাকের মালিক মিজানুর রহমান থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জুলাই রাতে নগরীর দুই নাম্বার গেইট এলাকায় অভিযান চালিয়ে ট্রাক চোর চক্রের সদস্য শরীফুলকে গ্রেফতার করে পুলিশ। পরে তার তথ্যের ভিত্তিতে ট্রাকটি উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেফতার শরীফুল আন্তঃজেলা ট্রাক চোর চক্রের সদস্য। সে ট্রাকটি চুরি করে পিরোজপুর সদর থানাধীন পানির ট্যাংকি এলাকায় রেখে এসেছে বলে তথ্য দেয়। তার তথ্যে ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্রাকটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। বুধবার দুপুরে গ্রেফতার শরীফুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner