
নিউজ ডেক্স : ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় আরও ২ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।
সোমবার (১৩ এপ্রিল) রাতে এসব তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।
তিনি বলেন, চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ৭৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে ১৬ জন। লক্ষ্মীপুরের পাওয়া গেছে ২ জন।

করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের একজনের বাড়ি নগরের পাহাড়তলী এলাকায়। অন্যজনের বাড়ি কাট্টলী এলাকায় বলে জানান সিভিল সার্জন।
৩ এপ্রিল চট্টগ্রামের দামপাড়ায় ৬৭ বছর বয়সী এক ব্যক্তির শরীরে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। ৫ এপ্রিল ওই ব্যক্তির ২৫ বছর বয়সী ছেলের শরীরেও করোনা ভাইরাস শনাক্ত করা হয়।
৮ এপ্রিল আরও ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্তের খবর দেন চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। তারা নগরের সাগরিকা, হালিশহর ও সীতাকুন্ড এলাকার বাসিন্দা।
১০ এপ্রিল চট্টগ্রামে আরও ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয় বলে জানান, চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। তাদের একজনের বাড়ি নগরের ফিরিঙ্গি বাজার এলাকায়। অন্যজনের বাড়ি আকবর শাহ থানার ইস্পাহানি চত্ত্বরের গোলপাহাড় এলাকায়।
১১ এপ্রিল বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় আরও ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্তের কথা জানানো হয়। এরমধ্যে ২ জনের বাড়ি চট্টগ্রামে। অন্যজন লক্ষ্মীপুরের বাসিন্দা।
চট্টগ্রামের ২ জনের মধ্যে একজন সাতকানিয়ার। তিনি ৯ এপ্রিল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসার সময় করোনা উপসর্গ নিয়ে মারা যান। অন্যজন নগরের পাহাড়তলীর সিডিএ মার্কেট এলাকার।
আগের ৭ জনের সঙ্গে নতুন ২ জন যুক্ত হওয়ায় ১১ এপ্রিল পর্যন্ত চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ৯ জন। এর মধ্যে করোনা ভাইরাস শনাক্তের আগেই একজন মারা যান। অন্য ৮ জন চিকিৎসা নিচ্ছিলেন।
১২ এপ্রিল চট্টগ্রামের ৫ জনসহ মোট ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয় বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায়। আগের ৯ জনসহ চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ১৪ জনে দাঁড়ায়।
সর্বশেষ ১৩ এপ্রিল আরও ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্তের খবর দিলেন সিভিল সার্জন। এ ২ জনসহ চট্টগ্রামে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner