
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবা ও চোলাইমদসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৮শ পিস ইয়াবা ও ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদিরকুল এলাকার মৃত নির্মুল বড়ুয়ার পুত্র উদয়ন বড়ুয়া (৩৫), চুনতি ইউনিয়নের নলবনিয়া এলাকার মৃত আবুল বশরের পুত্র মোঃ বাবুল প্রকাশ ডাকাত বাবুল (৪০) ও চন্দনাইশের দিয়াকুল নতুন পাড়ার মৃত পরিমল দাশের পুত্র রূপক দাশ (৩৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পদুয়া ফরিয়াদিরকুল এলাকা থেকে ১০ লিটার চোলাইমদসহ উদয়ন বড়ুয়াকে, চুনতি নলবনিয়া এলাকা থেকে ৪শ পিস ইয়াবাসহ বাবুলকে ও চুনতি ফরেষ্ট অফিস গেইট এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাসে তল্লাশী চালিয়ে ১৪শ পিস ইয়াবাসহ রূপক দাশকে গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner