
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সড়াইয়া গ্রামের নতুন পাড়ায় সরকারী খাস খতিয়ানভূক্ত জায়গায় স্কেভেটর দিয়ে পাহাড় কাটা এসিল্যান্ড পদ্মাসন সিংহ’র হস্তক্ষেপে বন্ধ হয়েছে। আজ ৮ ডিসেম্বর শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনি এ পাহাড় কাটা বন্ধ করেন। তবে তাঁর উপস্থিতি টের পেয়ে চালক মাটি কাটার যন্ত্র এস্কেভেটর নিয়ে দ্রুত গতিতে স্থান ত্যাগ করেন বলে জানা গেছে।
সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ জানান, ঘটনাস্থলে কয়েকদিন যাবত প্রবাসী বশির আহমদের স্ত্রী সাজু আরা বেগম সরকারী খাস খতিয়ানভূক্ত পাহাড় এস্কেভেটর দিয়ে কেটে সমতল করছিলেন বিল্ডিং নির্মাণের জন্য। ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি বিশাল পাহাড় কাটা অংশ দেখেছেন।

কাতার প্রবাসী বশিরের স্ত্রী সাজু আরা বেগম জানান, বসতঘর নির্মাণের জন্য তিনি পাহাড় কাটছেন। তবে পাহাড় কাটার নিষেধ সম্পর্কে তার জানা নেই।
সহকারী কমিশনার (ভূমি) আরো জানান, অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার বা আইনানুগ ব্যবস্থা নেয়া হয়নি। তবে পরদিন ৯ ডিসেম্বর রবিবার তাকে স্বশরীরে উপজেলা ভূমি অফিসে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। তবে তাকে তাৎক্ষণিকভাবে পাহাড় কাটা বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ ইউনুছ জানান, তিনি পাহাড় কাটার সংবাদ পেয়ে তা বন্ধের জন্য অভিযুক্তকে নিষেধ করেছেন।
এদিকে, স্থানীয় একটি সূত্র জানিয়েছেন, পুটিবিলা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের সদস্য পেয়ার মিয়ার সহযোগিতায় এ পাহাড় কাটা হচ্ছে। তবে পেয়ার মিয়া সাংবাদিকদের কাছে বিষয়টি অস্বীকার করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner